আমাদের ইতিহাস
আপনাদের আশীর্বাদ চেয়ে দেবাশীষ (বাবুসাহা)-এর আপনাদের জন্য এক আধুনিকতম পরিষেবা পরিবেশনের সবিনয় নিবেদন।
“ভাঙা চাকার বিগড়ি ঘড়ি,
এ যায় মনুষ্যের গাড়ি”
একথা যখন কেউ বলছে, তখন উচ্চারণে দোলে আসানসোল–রামপুরহাট। আদিবাসীদের রামপুরেরহাট তখন রামপুরহাট। ১৮৫৯ সালের ১লা সেপ্টেম্বর রেলের চাকা এই শহরের উপর দিয়ে গড়াতে শুরু করেছে। গরুর গাড়ির যুগ পেরিয়ে মানুষ নতুন যুগে প্রবেশ করছে। এ যাত্রার শুরুতেই ভাগ্যের সন্ধানে বহু মানুষ এই শহরে এসে ভিড় করেছে। কেউ বণিক, কেউ ইউরোপীয় ব্যবসায়ী, আবার কেউ শ্রমিক।
শহরের আদি বাসিন্দাদের মধ্যে সাহা সম্প্রদায় ছিল অন্যতম। সেই সময়ে অতিথি সেবার দায়িত্বের অন্যতম অংশীদার ছিলেন আমার পিতামহ স্বর্গীয় বিভূতিভূষণ সাহা। স্বাধীনতার পরবর্তী সময়ে, ১৯৫১ সালে রেল ফটকের ধারে তিনি প্রতিষ্ঠা করেন ধান ও গম ভাঙার মেশিন। বিদ্যুৎ তখন সহজলভ্য ছিল না; ডিজেলচালিত সেই মেশিন মানুষের শ্রম ও সময় বাঁচিয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
পরবর্তীকালে পরিবারের দ্বিতীয় প্রজন্ম সেই স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যায়। পেষাই করা আটা প্যাকেটজাত করে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। মানুষের আস্থা ও ভালোবাসাই ছিল আমাদের এগিয়ে চলার মূল শক্তি।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও বদলেছে। ২০০০ সালের বন্যার পর শহরে মানুষের ভিড় বাড়ে, বাড়ে নিজেদের স্বপ্নের বাড়ি গড়ার আকাঙ্ক্ষা। একটি বাড়ি শুধু আশ্রয় নয়; এটি মানুষের পরিচয়, রুচি ও স্বপ্নের প্রতিচ্ছবি। তাই বাড়ি নির্মাণের পর মানুষ চায় সেটিকে সুন্দরভাবে সাজাতে।
এই চাহিদার কথা মাথায় রেখেই আমরা—আমি দেবাশীষ (বাবুসাহা) এবং আমার দুই সহযাত্রী অর্ক ও অর্ণব—প্রতিষ্ঠা করেছি Nexus Ply & Decor। আমাদের লক্ষ্য হলো আধুনিক, রুচিশীল ও মানসম্পন্ন গৃহসজ্জার সামগ্রী এক ছাদের নিচে আপনাদের কাছে পৌঁছে দেওয়া।